রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে শিশুসহ নিহত ২
রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে সাবেক শান্তি বাহিনীর এক সদস্য ও এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরতলির খেপ্যেপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র এমন তথ্য জানিয়েছে।
সাবেক শান্তি বাহিনীর নিহত সদস্যের নাম আশুতোষ তালুকদার ওরফে সুপ্রিয় (৫৫)। নিহত শিশুটির নাম জানা যায়নি।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, ঘটনার সময় আশুতোষ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁর বাড়িতে প্রবেশ করে। তারা খুব কাছে থেকে আশুতোষকে কয়েকটি গুলি করে। এ সময় তাঁর পাশে থাকা একটি শিশুও গুলিবিদ্ধ হয়। দুজনই ঘটনাস্থলে নিহত হয়।
নাম প্রকাশ না করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আশুতোষ এখন আর দলের সঙ্গে সম্পৃক্ত নন।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ আজ রোববার সকাল নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।’