রাঙামাটিতে ধর্ষণের ঘটনা বাড়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। চলতি বছরের ১৫ মে পর্যন্ত সাড়ে চার মাসে জেলায় ১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। আরও তিনজন নারী ধর্ষণ-চেষ্টার শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে ধর্ষণের শিকার হন এক নারী। দুজনকে ধর্ষণের চেষ্টা করা হয়। আর ২০১৩ সালের প্রথম পাঁচ মাসে ধর্ষণের শিকার হন একজন নারী।
ধর্ষণের ঘটনার তিন বছরের (প্রথম পাঁচ মাস) এ তথ্য বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি জেলা কার্যালয় ও ভিকটিম সাপোর্ট সেন্টারের।
তবে ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান জানান, ঘটনার শিকার নারীদের অনেকেই লোকলজ্জার কারণে আইনি সহায়তা নিতে চান না।
পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলার সভাপতি সুস্মিতা চাকমা বলেন, নারী নির্যাতনের অপরাধ প্রমাণের জন্য দীর্ঘ আইনগত প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। এ কারণে অনেক সময় অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়া বিভিন্ন কারণে অনেক মামলায় অপরাধীরা শাস্তি পায় না। নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন জরুরি।
এ বছর ১৩টি ধর্ষণের ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় তিনটি, লংগদু থানায় পাঁচটি, কাপ্তাই থানায় দুটি এবং বরকল, কাউখালী ও চন্দ্রঘোনা থানায় একটি করে মামলা হয়েছে।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান জানান, ১৩টি অভিযোগের মধ্যে আটটির তদন্ত হয়েছে। এর মধ্যে তিনটি ক্ষেত্রে অভিযোগ আর ঘটনার মিল খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, পাঁচটি মামলায় ছয়জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় ধর্ষণের ঘটনা ঘটলে মামলা হচ্ছে। আগে ঘটনা ঘটলেও জানা যেত না।তিনি জানান, নারী নির্যাতন বন্ধে পুলিশ জনসচেতনতা তৈরিতে কাজ করছে।
এ বিষয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন পার্বত্য চট্টগ্রামের সভাপতি টুকু তালুকদার বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার প্রয়োজন। অপরাধীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হলে অপরাধপ্রবণতা কমবে।
টুকু তালুকদার অভিযোগ করেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নারী নির্যাতনের ঘটনা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। সেখানে নারী অধিকারকর্মীদের মূল্যায়নও করা হয় না।