
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়াচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি এলাকায় গতকাল সোমবার ভোরে পণ্যবোঝাই দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে রাঙামাটির পরিবহন মালিক-শ্রমিকেরা যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন। এতে রাঙামাটির সঙ্গে অন্যান্য জেলার প্রায় সাত ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পণ্যবোঝাই দুটি ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যাচ্ছিল। গতকাল ভোরে বেতছড়ি এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ট্রাক দুটির গতিরোধ করে। এরপর তারা ট্রাক দুটির চালক ও সহকারীর কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা তাঁদের মারধর করে পেট্রল ছিটিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
ট্রাকচালক মো. রুহুল আমিন বলেন, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। একটির আগুন নেভানো সম্ভব হলেও অপরটি পুরোপুরি পুড়ে যায়।
পুড়ে যাওয়া ট্রাকের মালিক রিংকু বিশ্বাস বলেন, তিনি শুনেছেন মহালছড়ি বাজারের ব্যবসায়ীরা সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তাঁদের ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জানান, তাঁর ট্রাকে থাকা ১২ থেকে ১৫ লাখ টাকার মুদিপণ্য পুড়ে গেছে। অন্য ট্রাকেরও কিছু মালামাল পুড়ে গেছে।
নানিয়াচরের সাবেক্ষং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুপন চাকমা বলেন, তাঁরা পুড়ে যাওয়া পণ্যবোঝাই ট্রাকটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি সরানো সম্ভব হয়নি। রাস্তার ওপর পোড়া ট্রাক পড়ে থাকায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস-ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে পণ্যবোঝাই ট্রাকে আগুন দেওয়ার প্রতিবাদে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল বেলা পৌনে ১১টার দিকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে রাঙামাটি শহরে মিছিল বের করেন মালিক-শ্রমিকেরা। বাস-ট্রাক ও অটোরিকশা চালক-মালিক সমিতির উদ্যোগে আয়োজিত মিছিলটি রাঙামাটি শহরের পুরোনো বাসস্টেশন থেকে শুরু হয়।
বনরুপা ও হ্যাপি মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি ট্রাকচালক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, বাস মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন।
মালিক-শ্রমিকদের কর্মসূচির কারণে রাঙামাটির সঙ্গে অন্য জেলাগুলোর সড়ক যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ ছিল। সন্ধ্যা ছয়টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন বলেন, পুড়ে যাওয়া ট্রাকের মালিককে ক্ষতিপূরণ দেওয়া ও চাঁদাবাজি
বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তবে জেলা প্রশাসকের আশ্বাসে তাঁরা ধর্মঘট স্থগিত করেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, দুর্বৃত্তদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।