রাঙামাটিতে পিডিবির কার্যালয়ে হামলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রাঙামাটি প্রকৌশলীর কার্যালয়ে হামলার চেষ্টা করেছে উত্তেজিত জনতা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল রাঙামাটিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের জন্য সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কিছু কিছু এলাকায় রাত আটটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়নি। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি, সেসব এলাকার কিছু লোক কার্যালয়ে হামলার চেষ্টা করে।

রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পিডিবি কার্যালয়ের আশপাশের দোকানি ও সাধারণ লোকজন জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লোকজন পিডিবি কার্যালয়ের সামনে আসতে থাকে। রাত আটটার দিকে রাঙাপানি, ভেদভেদী ও আমানতবাগ এলাকা থেকে আরও বেশ কিছু লোক আসে। এ সময় উত্তেজিত জনতা পিডিবির কর্মকর্তাদের গালাগাল করতে শুরু করে ও কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়। খবর পেয়ে সাড়ে আটটার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পিডিবির কার্যালয়ের সামনে থেকে লোকজনকে সরিয়ে দেন।

পিডিবির রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার বলেন, ‘আজ (শনিবার) রাঙামাটির বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের কাজ করা হয়েছে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে দেরি হয়ে যায়।’ তিনি বলেন, ‘আমি রাঙামাটিতে নতুন এসেছি। তেমন কিছু জানি না। পিডিবির রাঙামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মতিউর রহমান আজ রোববার আসবেন। তিনি স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে রাঙামাটির বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলেচনা করবেন। কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, পিডিবি কার্যালয়ে হামলার চেষ্টার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে উত্তেজিত লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।