নোয়াখালীতে ধানখেতে শিক্ষকের লাশ
নোয়াখালীর কবিরহাটে ধানখেত থেকে এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার ধানশালিক ইউনিয়নের মুড়াআমিরাবাদ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল হোসেন মুড়াআমিরাবাদ গ্রামের ওবায়দুল হকের ছেলে। তিনি চাপরাশিরহাট ক্যাডেট মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আবুল হোসেন চাপরাশিরহাট বাজার থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল নয়টার দিকে গ্রামের একটি ফাঁকা ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, স্থানীয় লোকজনের ধারণা, বাজার থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আবুল হোসেনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।