রাঙামাটিতে মাথায় আঘাত করে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মিশর চাকমা (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বঙ্গলতলিতে নিজের বাড়ির কাছে তাঁকে খুন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত মিশরকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুই আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (লারমা)।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে বঙ্গলতলি ইউনিয়নে নিজ বাড়িতে মিশর চাকমাকে হত্যা করা হয়। বাঁশ কাটতে যাওয়ার জন্য শ্রমিকদের টাকা দেওয়ার সময় মাথায় আঘাত করে মিশরকে হত্যা করা হয়।

গত শনিবার সকালে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতিসহ ছয়জন নিহত হন। ওই ঘটনার জন্য ইউপিডিএফ তাদের প্রতিপক্ষ জনসংহতি সমিতিকে (লারমা) দায়ী করে। তবে সংগঠনটি তাদের এই অভিযোগ অস্বীকার করে।

মিশর চাকমা খুন হওয়ার পর অবশ্য এখন দুই দল তাঁকে নিজেদের সমর্থক বলে দাবি করছে। জনসংহতি সমিতির (লারমা) বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, ‘নিহত মিশর আমাদের সমর্থক ছিলেন। তাঁকে ইউপিডিএফ হত্যা করেছে।’

আর ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বলেছেন, ‘মিশর আমাদের সমর্থক ছিলেন। তাঁকে হত্যার পর জেএসএস (লারমা) এখন নিজেদের সমর্থক বলে দাবি করছে।’