রাঙামাটিতে রোববার থেকে ডাকা অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ডাকা অবরোধ প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গতকাল শুক্রবার জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ৪ জুন বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট হারণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসংহতি সমিতি-সমর্থিত প্রার্থী দিলীপ কুমার চাকমা নির্বাচনে অনিয়মের বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে যান। নির্বাচন কমিশনও এ ঘটনার তদন্ত করছে। তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।
ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনর্নির্বাচনের দাবিতে রাঙামাটি জেলায় ১৩ ও ১৪ জুন ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।