রাঙামাটিতে সংখ্যালঘু নেতাকে অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে বাবুল দে (৬০) নামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক নেতাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় বাবুল দের লাশ আমতলী এলাকায় পাওয়া যায়। ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরে পূজা উদ্যাপন পরিষদ ও সনাতন যুব পরিষদ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বুড়িঘাট মন্দির কমিটির সভাপতি ও বুড়িঘাট বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবুল দে নিজ বাড়িতে মৃদুল দে ও উত্তম তালুকদার নামের অপর দুজনের সঙ্গে কথা বলছিলেন। রাত আটটার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে কথা আছে বলে ওই তিনজনকে ডেকে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা মৃদুল ও উত্তমকে ছেড়ে দেয়। এ সময় তাঁরা বাবুলকেও ছেড়ে দিতে অনুরোধ করলে দুজনকেই মারধর করে। এ অবস্থায় উপায় না দেখে মৃদুল ও উত্তম সেখান থেকে চলে এসে বিষয়টি সেনাবাহিনীর বুড়িঘাট জোনে জানান।
সেনাবাহিনী রাতে তল্লাশি শুরু করে। গতকাল সকালে আমতলী এলাকায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বাবুল দের লাশ পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন বা কারা তাঁকে হত্যা করেছে, এ ব্যাপারে তদন্ত চলছে।
বাবুল দের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট বাজারে ব্যবসা করতেন।