রাঙামাটিতে হত্যার পর চাপ দিয়ে লাশের সৎকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায় গত শনিবার রাতে দুর্বৃত্তরা শান্তি কুমার চাকমা (৬৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। শুধু তা-ই নয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই গতকাল রোববার সকালে তাঁর লাশ সৎকার করতে স্বজনদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শান্তি কুমার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তাঁকে হত্যার সঙ্গে প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত বলে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি অভিযোগ করেছে। তবে ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে সশস্ত্র একটি দল রামহরি পাড়ায় শান্তি কুমারের বাড়িতে গিয়ে তাঁকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর কয়েকটি গুলির শব্দ পাওয়া যায়। এরপর লোকজন ঘটনাস্থলের গিয়ে শান্তি কুমারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলেন।
শান্তি কুমার চাকমাকে জনসংহতি সমিতির সমর্থক বলে দাবি করে সংগঠনের সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ইউপিডিএফের সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে। তবে ইউপিডিএফ নেতা বাবলু চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রামহরি পাড়া জনসংহতি সমিতি-নিয়ন্ত্রিত। সেখানে আমাদের লোক যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ ঘটনায় ইউপিডিএফকে জড়ানো হচ্ছে।’
নানিয়ারচর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, খবর পেয়ে তাঁরা রোববার সকালে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, মৃতদেহ পুড়িয়ে সৎকার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ সৎকারের বিষয়ে স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা বলেন, এ ব্যাপারে তাঁদের কোনো অভিযোগ নেই। তাই দেরি না করে লাশ সৎকার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শান্তি কুমারের কয়েকজন স্বজন অভিযোগ করেন, রাতে লাশ বাড়ি নেওয়া হয়। কিছুক্ষণ পরই হত্যাকারীরা পুলিশ যাওয়ার আগে দ্রুত লাশ সৎকার করতে হুমকি দিয়ে যায়। তাই দূরের কোনো আত্মীয় এবং পুলিশ পৌঁছার আগে শান্তি কুমার চাকমার লাশ পুিড়য়ে ফেলা হয়। তবে কে বা কারা শান্তি কুমার চাকমাকে হত্যা করেছে, তা বলতে অপারগতা প্রকাশ করেন স্বজনেরা।
রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলেন, পুলিশ যাওয়ার আগে লাশ পুড়িয়ে সৎকার করা হয়েছে। পুলিশের কাছে কেউ কারও বিরুদ্ধে অভিযোগও করেনি।