রাঙামাটিতে হাতির আক্রমণে নারীর মৃত্যু
রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে হনুফা বেগম (৪৭) নামের এক নারী মারা গেছেন।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি বন্য হাতি লংগদু উপজেলার ভাসান্যা আদাম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় আসে। হাতিটি ওই এলাকায় ফলমূলের বাগান নষ্ট করে। গভীর রাতে সেখান থেকে চলে যাওয়ার সময় একটি বাড়িতে হানা দেয় হাতিটি। এ সময় হনুফা বেগম হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল হক বলেন, পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করেছে। তাঁর শরীরে হাতির আক্রমণের চিহ্ন আছে। স্থানীয় ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. তৌহিদুল ইসলাম বলেন, নিহত নারীর পরিবারকে বন বিভাগে লিখিত আবেদন করতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী তাঁর পরিবারকে সহায়তা দেওয়া হবে।