রাঙামাটিতে 'ইউপিডিএফের কর্মী' খুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার রূপকারী ইউনিয়নের গবঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী বলে দাবি করেছে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক দল ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে গবঘোনা গ্রামে নিজ বাড়ির পাশে একটি লিচুগাছের নিচে ঘুমিয়ে পড়েন ইউপিডিএফের কর্মী নতুন মনি চাকমা (৩৫)। তাঁর সঙ্গে সহকর্মী অমর রতন চাকমাও ছিলেন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নতুন মনি চাকমার স্ত্রী পঞ্চলক্ষ্মী চাকমা ঘটনাস্থলে গিয়ে দেখেন, লিচুগাছের নিচে তাঁর স্বামীর লাশ পড়ে আছে। ঘটনার পর অমর রতন চাকমা পলাতক রয়েছেন। আজ সকালে নতুন মনি চাকমার লাশ পুলিশ উদ্ধার করেছে।
পঞ্চলক্ষ্মী চাকমা বলেন, রাত সাড়ে আটটার দিকে ঘর থেকে বেরিয়ে যান নতুন মনি ও অমর রতন চাকমা। পরে কোথায় ঘুমাচ্ছেন খোঁজখবর নিতে গিয়ে নতুন মনির লাশ পড়ে থাকতে দেখেন।
বাঘাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, ইউপিডিএফ–কর্মী নতুন মনি চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ, মাথাসহ বিভিন্ন স্থানে দা দিয়ে কোপানো হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত হবে।