রাঙামাটির সহিংসতায় আহত মনিরের মৃত্যু
রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মনির হোসেন মারা গেছেন। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় মনির মারা যান।
গত ১০ জানুয়ারি মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে রাঙামাটি শহরের আদালত সড়কে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগসহ কয়েকটি বাঙালি সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ইটের আঘাতে মনির হোসেন জখম হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে মনির হোসেন মারা যান। তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মনির হোসেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মৃত মো. বারেক হোসেনের ছেলে।