ভিজিএফ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ বাদী হয়ে ১৬ জুলাই রাতে রাঙ্গাবালী থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৭ জুলাই চরমোন্তাজ ইউনিয়নের ভিজিএফ (মৎস্য) ও ভিজিডির ৯৩ দশমিক ৬১ মেট্রিক টন চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করার নির্ধারিত তারিখ ছিল। কিন্তু বিতরণের আগে ওই দিনই স্থানীয় জনগণের পক্ষ থেকে নজরুল ইসলামের বিরুদ্ধে কালোবাজারে চাল বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল সোমবার ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
রাঙ্গাবালী থানার ওসি মো. মনির হোসেন জানান, দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।