রাঙ্গাবালীতে খাসজমিতে বিএনপির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরে খাসজমিতে নির্মাণাধীন বিএনপির দলীয় কার্যালয়। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরে খাসজমিতে নির্মাণাধীন বিএনপির দলীয় কার্যালয়। গতকাল তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরের সরকারি খাসজমি দখল করে দলীয় কার্যালয় স্থাপনের কাজ শুরু করেছেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি মো. কবির হোসেন তালুকদার। স্থানীয় ভূমি কার্যালয়ের কোনো অনুমতি না নিয়েই সরকারি ওই খাসজমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বাহেরচর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১১১১/৩০৯ নম্বর দাগসহ আরও দুটি দাগের ২ শতাংশ খাস জমিতে ইট-সিমেন্ট দিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। তবে ওই সময় সেখানে নির্মাণকাজে নিয়োজিত কোনো শ্রমিককে পাওয়া যায়নি। নির্মাণাধীন ভবনের সামনে সড়কের পশ্চিম পাশের প্রসাধনসামগ্রী বিক্রেতা মো. রিপন বলেন, ‘এখানে উপজেলা বিএনপির অফিসঘর (কার্যালয়) করা হচ্ছে। উপজেলা বিএনপির সভাপতি মো. কবির হোসেন তালুকদার এ কাজ করাচ্ছেন।’
রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, যেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে, সেখানে মো. কবির হোসেন তালুকদারের নামে কোনো জমি বন্দোবস্ত দেওয়া নেই। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. চান মিয়া জানান, বাহেরচর মৌজার ১ নম্বর খাস খতিয়ানে ১১ দশমিক ৬২ একর খাসজমি রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে তিন একর খাসজমি চান্দিনা ভিটি হিসেবে বন্দোবস্ত দেওয়ার যোগ্য। সরকারি বিধি অনুসারে, বাজার উন্নয়নের স্বার্থে একেকজনকে চান্দিনা ভিটি হিসেবে সর্বোচ্চ আধা শতাংশ করে খাসজমি বন্দোবস্ত দেওয়া যায়। ১১১১/৩০৯ নম্বর দাগে কবির হোসেন তালুকদারের নামে কোনো জমি বরাদ্দ দেওয়া নেই। তবে বাংলা ১৪১৫ সনে ১১১১/১০ নম্বর দাগের আধা শতাংশ জমি চান্দিনা ভিটি হিসেবে কবির হোসেন তালুকদারের নামে একসনা বন্দোবস্ত (ডিসিআর) দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বন্দোবস্তের শর্ত ভঙ্গ করে সেই জমি তিনি অপর এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। এ কারণে তাঁর নামে বন্দোবস্ত নবায়নের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
মো. চান মিয়া বলেন, ‘কবির হোসেন তালুকদার অবৈধভাবে ১১১১/৩০৯ নম্বর দাগের ১ শতাংশ জমিসহ প্রায় ২ শতাংশ জমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। বিষয়টি নজরে আসার পর মৌখিকভাবে তাঁকে নির্মাণকাজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
জানতে চাইলে মো. কবির হোসেন তালুকদার বলেন, অনেক আগেই ওখানকার ২ শতাংশ জমি বিএনপি কার্যালয় স্থাপনের জন্য নির্ধারিত ছিল। নির্মাণকাজ শুরু করার পর ইউনিয়ন ভূমি অফিস কাজে বাধা দেওয়ায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। নির্মাণকাজ শুরু করার আগে ওই জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, মো. সোলায়মান নামে বিএনপির এক কর্মীর নামে ওই জায়গায় আধা শতাংশ জমি বন্দোবস্ত নেওয়া আছে। একটি মামলার কারণে ওই মৌজার বন্দোবস্ত-প্রক্রিয়া স্থগিত রয়েছে।
মো. চান মিয়া জানান, নবায়ন না করায় আইনগতভাবে ওই বন্দোবস্তের বৈধতা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. আলিম উল্লাহ বলেন, মো. কবির হোসেন তালুকদার সম্পূর্ণ অবৈধভাবে সরকারি খাসজমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছিলেন। কাজ বন্ধ করে দিয়ে এ ব্যাপারে জেলা প্রশাসনের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।