রাঙ্গুনিয়ায় গুলিতে নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় মো. ইদ্রিছ (৪৫) নামের এক প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইদ্রিছের স্ত্রী কামরুন নাহার ও ভাবি সাজুলা বেগম আহত হন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, প্রতিবেশী দুই ভাই তোফায়েল (৩৫) ও ওসমানের (২৫) নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী ইদ্রিছের বাড়িতে হামলা চালায়। তারা ইদ্রিছ ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইদ্রিছকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী ও ভাবিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, জায়গা-সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ইদ্রিছের পরিবারের সঙ্গে ওসমান ও তোফায়েলের পরিবারের বিরোধ চলে আসছে। এসব ঘটনার জের ধরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তোফায়েল ও ওসমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইদ্রিছের বাড়িতে হামলা চালায়। তাদের ছোড়া গুলি ইদ্রিছের গলার নিচে ও বুকে লাগে। ওসি জানান, ঘটনার পর থেকে দুই ভাই পলাতক।