রাঙ্গুনিয়ায় সরকার-সমর্থক দুই নেতার মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। যুবলীগ নেতার জমি দখলকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। এর জের ধরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন এক পক্ষের সমর্থকেরা।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষে আহত দুজন হলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইলিয়াছ কাঞ্চন চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমদ। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, যুবলীগের নেতা ইলিয়াছ কাঞ্চনের জমি দখলের চেষ্টা করেন আবুল মনসুর আহমদ। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিচুবাগান এলাকায় সংঘর্ষের সময় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ-রাম দা ব্যবহার করেছে। সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা গেছে। তবে ইলিয়াছ ও মনসুর ধারালো কিরিচের আঘাতে গুরুতর আহত হন। ইলিয়াছকে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মনসুরকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সংঘর্ষের পর এক পক্ষের বিক্ষুব্ধ সমর্থকেরা গাছ কেটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত বিরোধের জের ধরে ইলিয়াছ ও মনসুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ইলিয়াছের জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ আরও প্রকট হয়। এতে কিরিচের আঘাতে দুজনই আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’