রাঙ্গুনিয়ার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা, শাহ আলম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা, আলামত নষ্ট, জোরপূর্বক মিথ্যা মামলায় স্বাক্ষর নেওয়ার অভিযোগে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মীর শফিকুল আলমের আদালতে মামলাটি দায়ের করেন কিশোরীর মা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও এ বিষয়ে কোনো আদেশ দেননি।
এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা থেকে পুলিশ আটক করেছে। চট্টগ্রামের জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ অভিযুক্ত শাহ আলমের বিরুদ্ধে মামলা না নিয়ে ধর্ষণের শিকার কিশোরীর ভাইকে আসামি করার জন্য তার মায়ের কাছ থেকে জোরপূবর্ক সাক্ষ্য নেয় বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে কিশোরীর মা গত ২৫ মে অভিযুক্ত শাহ আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
বাদীর আইনজীবী এরশাদুর রহমান জানান, ঘটনা ধামাচাপা দেওয়া, আলামত নষ্ট, জোরপূর্বক মিথ্যা মামলায় স্বাক্ষর নেওয়া, কিশোরীর ভাইয়ের বয়স ১৪ হলেও তা বাড়িয়ে ১৯ বছর দেখানোর অভিযোগে রাঙ্গুনিয়ার ওসি ও এসআই মুজিবুর রহমানের বিরুদ্ধে গতকাল মামলা করা হয়েছে। আদালত আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।
এদিকে কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার তার ভাইয়ের জামিনের জন্য গতকাল চট্টগ্রামের বিচারিক হাকিম কুদরত-ই-এলাহীর আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
আইনজীবী এরশাদুর রহমান জানান, জামিন নামঞ্জুর হওয়ায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মিস মামলা করে জামিনের আবেদন করা হবে। কিশোরীর ভাই ৯ মে থেকে গাজীপুরের কিশোর সংশোধনী কেন্দ্রে রয়েছে।
এদিকে ওসিকে বরখাস্তের দাবিতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘আমরা রাঙ্গুনিয়াবাসী’ নামের একটি সংগঠন। সভায় আগামী দুই দিনের মধ্যে ওসিকে বরখাস্ত করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে বক্তব্য দেন আলীউর রহমান, প্রদীপ কুমার দাশ, আজাদ তালুকদার, এনায়েতুর রহীম প্রমুখ।