রাঙ্গুনিয়ায় গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। তাঁর নাম রুমী বড়ুয়া (৩৯)। গত রোববার রাত ১২টার দিকে উপজেলা বেতাগী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী রিন্টু বড়ুয়া (৩৭) হত্যার সঙ্গে জড়িত। এ নিয়ে গতকাল বিকেল চারটায় গৃহবধূর ভাই মনোজ কুমার বড়ুয়া বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেছেন। বোনের মৃত্যুর খবর শুনে তিনি বান্দরবানের উজানিপাড়া থেকে সকালে রাঙ্গুনিয়ায় আসেন। মামলায় রিন্টু বড়ুয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও দুজনকে আসামি করা হয়েছে। এরপর গতকাল বিকেল পাঁচটায় পুলিশ তাঁকে বেতাগীর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহছানুল কাদের ভূঞা হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিন্টু বড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিন্টু সেনাসদস্য, তাঁর কর্মস্থল কক্সবাজারের রামুতে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
নিহতের ভাই মনোজ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, বেতাগী ইউনিয়নের বড়ুয়াপাড়ার বাসিন্দা রিন্টু বড়ুয়ার সঙ্গে তাঁর বোনের (রুমী বড়ুয়া) বিয়ে হয় ২০০৮ সালে। তবে রুমী বান্দরবানের উজানিপাড়ার একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে সেখানেই থাকতেন। তাঁরা নিঃসন্তান। সন্তান না থাকায় দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রী দুজনে কর্মস্থল থেকে ছুটি নিয়ে রাঙ্গুনিয়ার বেতাগীর গ্রামের বাড়ি আসেন। রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে রুমীকে ধারালো ছুরি দিয়ে ঘাড়ে আঘাত করে এবং গলা কেটে হত্যা করা হয়। তাঁকে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে সকালে জানালে তিনি ঘটনা জানতে পারেন।
গ্রেপ্তারের পর রাঙ্গুনিয়া থানাহাজতে নেওয়ার সময় পুলিশের উপস্থিতিতে রিন্টু বড়ুয়া নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, রোববার রাতের খাবার খেয়ে তাঁরা একতলা বাড়ির ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী দুজন লোক ঘরের ছাদে উঠে ধারালো কিরিচ দিয়ে তাঁদের ওপর হামলা করে। এ সময় তিনি বাড়ির ছাদ থেকে লাফিয়ে বাঁচলেও রুমীকে হত্যা করে মুখোশধারীরা পালিয়ে যায়। তিনি ডাকাত বলে চিৎকার করার পর প্রতিবেশীরা এসে থানায় খবর দেয়।