রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় বাবা নিহত ছেলে আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে উকিল আহমেদ (৫৫) এক ব্যক্তি নিহত ও তাঁর ছেলে ইসমাইল আহমেদ (১৫) আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার জঙ্গল সরফভাটা ইউনিয়নের কালি চরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বলেন, গতকাল সকালে ছেলেকে নিয়ে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে নিজস্ব পাহাড়ে জঙ্গল পরিষ্কার করতে যান উকিল আহমেদ। সেখানে দুর্বৃত্তরা বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে পাহাড়ে আসা এক কাঠুরে রক্তাক্ত অবস্থায় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে উকিল আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি হুমায়ুন কবির বলেন, পাহাড়ি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে উকিল আহমেদের। ওই বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে উকিল আহমেদের বড় ভাই ইদ্রিসকেও দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।