রাঙ্গুনিয়ায় নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তপন বিশ্বাস (৫৮) নামের এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার শান্তিনিকেতন বাজার থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সকালে স্থানীয় লোকজন দোকানের পাশে রাস্তায় নৈশপ্রহরীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, নিহত ব্যক্তির সঙ্গে এলাকার কারও কোনো শত্রুতা নেই বলে পুলিশ জানতে পেরেছে। ধারণা করা হচ্ছে ডাকাতদের দেখে ফেলায় নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের পাশে একটি দোকানের তালা ভাঙা ছিল। ওই দোকানের তালা ভাঙতে দেখায় হয়তো তাঁকে মেরে ফেলা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।