রাঙ্গুনিয়ায় পৃথক ঘটনায় দুই খুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার পোমরা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে খুন হন স্থানীয় বাসিন্দা মহরম আলী। একই রাতে ইসলামপুর ইউনিয়ন থেকে মো. নুরুল আলম ওরফে নুরু নামে একজনের লাশ পুলিশ উদ্ধার করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মহরম আলী রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ চুরি-ডাকাতির মামলা আছে। ২০১১ সাল থেকে তিনি রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। শত্রুতার জের ধরে মহরম খুন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, মহরমকে শুক্রবার রাতে পোমরা এলাকার একটি চা-দোকানে ডেকে নিয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, এলাকায় বিরোধের জের ধরে মো. নুরুল আলম খুন হন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, দুটি পৃথক খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। দুটি ঘটনায় কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে। নিহত দুজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা ছিল।