রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে নিহত মো. রুবেল সিকদার। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে নিহত মো. রুবেল সিকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তাঁর নাম মো. রুবেল সিকদার (৩০)। তাঁর বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া সিকদার বাড়ি এলাকায়। আজ শনিবার সকাল ১০টার দিকে ফুলতল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত যুবকের বাবা আমিন সিকদার বাদী হয়ে হত্যা মামলা করবেন বলে স্বজনেরা জানিয়েছেন।

দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া থানায় গিয়ে দেখা যায়, থানার উঠানে মো. রুবেলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। পাশে বাবা আমিন সিকদার কাঁদছেন। জানতে চাইলে তিনি বলেন, রুবেল সকালে বাজারে বের হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাজারে প্রকাশ্যে তাকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কিছু লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়। রুবেলকে কারা খুন করেছে, কেউ কিছু বলছে না। সে কয়েক বছর আগে মধ্যপ্রাচ্য থেকে স্থায়ীভাবে দেশে চলে আসে। বাড়িতে থেকে কৃষিকাজ করত।

জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রিফাত কারনাইন প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগে ওই যুবক মারা যান। বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

খুনের বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বুকে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনা কী, কারা খুন করেছে, পুলিশ সেসব তদন্ত করে দেখছে।