রাঙ্গুনিয়ায় হত্যা মামলার দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলার দুই আসামিকে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলি করে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় নিজ বাড়ির কাছে দুজনকে হত্যা করা হয়। নিহত দুজন হলেন মো. মনজুর হোসেন (২৭) ও মো. আবুল কাশেম (৩০)।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, হত্যাকারীরা আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এর আগে গত ১ মার্চ সরফভাটার বাসিন্দা উকিল আহমেদকেও বাড়ির কাছের একটি পাহাড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নিহত মনজুর ও কাশেম। দুজনের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার তাঁরা কারাগারেও ছিলেন।
পুলিশ জানায়, জমি নিয়ে শত্রুতার জের ধরে খুন হন বৃদ্ধ উকিল আহমেদ। সেদিন তাঁর এক ছেলেকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ওই ঘটনার সঙ্গে গত রোববার রাতের খুনের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মর্গের সামনে কথা হয় নিহত আবুল কাশেমের ছোট ভাই মো. তৈয়বের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, রোববার রাতে প্রচণ্ড গরমের কারণে ঘর থেকে বের হয়ে তাঁর ভাই ও মনজুর রাস্তায় হাঁটছিলেন। তাঁদের ও মনজুরদের বাড়ি পাশাপাশি। যেখানে দুজনকে হত্যা করা হয়েছে, সেই জায়গাটি তাঁদের বাড়ি থেকে বড়জোর ৬০০ গজ দূরে। তিনি বলেন, মনজুরের সঙ্গে তাঁর ভাই প্রায়ই রাতে হাঁটতে বের হতেন।
মো. তৈয়ব বলেন, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁরা জেনেছেন, হত্যাকারীরা ১০-১২ জন ছিল। গুলির শব্দ শুনে ভয়ে লোকজন এগিয়ে আসেনি। নিহত দুজনের গলা ও বুকে গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। তিনি অভিযোগ করেন, হত্যাকারীরা নিহত উকিল আহমেদের পরিবারের লোকজন। তিনি বলেন, তাঁর ভাই আবুল কাশেম প্রায় দুই বছর আগে দুবাই থেকে দেশে ফিরে আসেন। নিহত মনজুর কৃষিকাজ করতেন।
তবে তৈয়বের অভিযোগের বিষয়ে উকিল আহমেদের পরিবারের কারও বক্তব্য জানা যায়নি।
জোড়া খুনের বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান বলেন, শত্রুতার জেরে, নাকি অন্য কোনো কারণে খুনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।