রাজউকের কোটিপতি পিয়ন মোবারক!
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এমএলএসএস (পিয়ন) মোবারক হোসেন এবং তাঁর স্ত্রী শাহিনা পারভীনের সম্পদের হিসাব বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশন এ নোটিশ পাঠায়। দুদক আইনের ২৬(১) ধারায় পাঠানো পৃথক নোটিশপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল করতে বলা হয়।
দুদক সূত্র জানায়, মোবারক হোসেন দম্পতির সম্পদ অনুসন্ধানে নেমে বিস্মিত স্বয়ং দুদক কর্মকর্তা। অল্প সময়ে তিনি গড়ে তোলেন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট। তাঁর স্ত্রী শাহিনা পারভীন গৃহিণী হলেও তাঁর নামে রয়েছে অগাধ সম্পত্তি।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, মোবারক হোসেন অফিসের বাইরে নিজেকে রাজউকের কর্মকর্তা পরিচয় দিতেন। অফিসের ভেতর বিভিন্নজনের স্বার্থসংশ্লিষ্ট নথি গায়েব করে দিতেন। কোনোটির পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেন। এক জায়গার ফাইল অন্য জায়গায় নিয়ে রেখে দিতেন। প্ল্যান পাস, সেল পারমিশন নেওয়া, নকশা অনুমোদনসহ বিভিন্ন তদবিরও করতেন। এভাবে তিনি হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। হাতিয়ে নেন রাজউকের প্লটও। উত্তরা সেক্টর-১১, রোড-১২, প্লট-২৫, উত্তরা প্রকল্প থেকে নয় লাখ টাকায় একটি প্লট নেন। এ প্লটের ওপর দুই কোটি টাকা খরচে গড়ে তোলেন সাততলা ভবন। এটি দেখিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে ৫০ লাখ টাকা ঋণ নেন। ভবনের দুটি ফ্ল্যাট বিক্রি করেন ৬৫ লাখ টাকায়। স্ত্রী শাহিনা পারভীনের নামে ডেলপার্ক হাউজিং লিমিটেডের শেয়ার কেনেন ২ লাখ ২৫ হাজার টাকায়। উত্তরা রাজউক কমার্শিয়াল মার্কেটে রয়েছে ১৬৬.২১ বর্গফুটের একটি দোকান। মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
ঝিনাইদহে স্ত্রীর নামে ২২৫.২৮ শতাংশ জমি রয়েছে। উত্তরায় রয়েছে ৩ কাঠার একটি প্লট। সেক্টর-১১, রোড-১২, প্লট-২৬ নম্বর এ প্লটটি স্ত্রীর আয়কর নথিতে দেখানো হয়েছে ‘হেবা’ হিসেবে। এখানে ১২ লাখ টাকা ব্যয়ে মোবারক হোসেন টিনশেড ঘর বানিয়ে ভাড়া তুলছেন। মোবারক দম্পতির সম্পদ অনুসন্ধান করেন উপপরিচালক সরদার মঞ্জুর আহম্মেদ।