রাজউকের বালুর মাঠ অবৈধ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের পেছনে ফেলে রাখা রাজউকের জায়গায় মোটর গ্যারেজ, অবৈধ বাসস্ট্যান্ড, বস্তিঘরের সংখ্যা আরও বেড়েছে। নিয়মিত যোগ হচ্ছে টিনের ও বাঁশের নতুন নতুন স্থাপনা। যেখানে-সেখানে গাড়ি রাখায় রাস্তায় নিয়মিত যানজট বাড়ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এলাকায় ঘুরে এ চিত্র পাওয়া যায়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের পেছনে প্রায় ১৫ বিঘা জায়গায় জলাধার ছিল। একসময় সেখানে খাল ও ঝিলপথে নৌযান চলত। আশি ও নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত জলাধার ভরাট করে ফেলা হয়। বর্তমানে সেখানে ৪০ ফুট চওড়া রাস্তা রয়েছে। বাকি বেশির ভাগ জায়গাই দখলে।
সড়কটি নির্মাণ করে রাজউক প্রায় ১১ বছর আগে ঢাকা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। একটি কমিউনিটি সেন্টারের জন্য তিন বিঘা জায়গা বরাদ্দ নেওয়া হয়। এ ছাড়া বিশাল জায়গাজুড়ে রয়েছে উটের খামার।
প্রায় আট মাস আগে গত বছরের জুনে এলাকা ঘুরে দেখা গিয়েছিল, বাংলাদেশ ব্যাংকের পেছনের অংশ থেকে শুরু করে টানা দক্ষিণ দিকে অন্তত ৭০টির মতো মোটর গ্যারেজ। গতকাল দেখা যায়, শতাধিক টিনের বা বাঁশের বেড়ার এসব স্থাপনার সামনে যেটুকু খোলা জায়গা সেখানে, এমনকি রাস্তায় গাড়ির যন্ত্রপাতি বিছিয়ে স্বাধীন ব্যবসা চালিয়ে যাচ্ছেন গ্যারেজের মালিকেরা।
বেলা সোয়া তিনটার দিকে এলাকার সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মোড় ঘুরতেই দেখা যায়, যানবাহন আটকে আছে। বালুর মাঠ রাস্তা ধরে দক্ষিণ কমলাপুর যেতে পারছে না ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা, রিকশাসহ কোনো যানবাহন।
দেখা গেল, গ্যারেজে আসা ভাড়ায় চলা তিনটি গাড়ি মূল রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রায় ১৫ মিনিট পর গাড়ি তিনটি গ্যারেজের সামনে পার্কিং করার পর আটকে পড়া যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে। এ সময়ে এক কিশোর পথচারী রাস্তা পেরোনোর চেষ্টা করলে একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। কিশোরটি ওই এলাকায় অবস্থিত বস্তিতে থাকে। খবর পেয়ে কিশোরের বাবা ছুটে এসে চিৎকার শুরু করেন। একপর্যায়ে মোটরসাইকেলের চালক বাধ্য হন জরিমানা দিতে। একজন পান দোকানি জানান, এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে।
জানতে চাইলে পাঁচজন গ্যারেজ মালিক বলেন, সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে তাঁরা এখানে ব্যবসা করছেন। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ ও রাজস্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এখানকার ঠিকানায় কোনো গ্যারেজ করার অনুমতি দেওয়া হয়নি।
বালুর মাঠের দক্ষিণ দিকে কমিউনিটি সেন্টারের সামনের রাস্তার অর্ধেকটা জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড। পূর্ব দিকের খোলা জায়গাও এলোমেলোভাবে রাখা হয় বাস। কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছন পর্যন্ত রয়েছে বিভিন্ন দোকানপাট ও বস্তি।
যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, রাজউকের নিজস্ব জমি অবৈধ দখলমুক্ত করার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে রাজউক। তবে ঠিক কবে নাগাদ এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে, তা উল্লেখ করেননি তিনি।