রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আসামিপক্ষের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্র জানায়, ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সংস্থার একটি দল এমদাদুলকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে এমদাদুল ইসলামের বিরুদ্ধে ২০১৫ সালে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২০১৬ সালে এমদাদুল হক ও তাঁর ওপর নির্ভরশীল পরিবারে অন্য সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য চায় সংস্থাটি। তার পরিপ্রেক্ষিতে এমদাদুল ইসলাম দুদকে যে সম্পদ বিবরণী জমা দেন তাতে সম্পদের তথ্য গোপন করা হয়। দুদকের যাচাই-বাছাইয়ে দেখা যায়, এমদাদুল ইসলামের নামে ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অথচ তাঁর বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস অনুসারে পাওয়া যায় ১ কোটি ৪ লাখ টাকার।

এজাহারে আরও বলা হয়, এমদাদুল ইসলাম রাজউকে চাকরি করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থের দ্বারা নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি দুদকের কাছে জমা দেওয়া সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন করেছেন।