রাজধানী থেকে অপহৃত দুই শিশু নরসিংদীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার শাহাজাদপুর এলাকা থেকে অপহৃত দুই শিশুকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের তরোয়া এলাকার কাবুলশাহ মাজারে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করা হয়। অপহরণে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে।
উদ্ধার শিশুরা হলো রাজধানীর শাহাজাদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে তাওসিফ হোসেন (৫) ও একই এলাকার ভাড়াটিয়া বাবুল মিয়ার ছেলে মিনহাজ হোসেন (৪)।
অপহরণের শিকার শিশুদের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে তাওসিফ ও মিনহাজ তাঁদের বাসার পাশে খেলাধুলা করছিল। ওই সময় একই এলাকার ভাড়াটিয়া নরসিংদী শহরের তরোয়া এলাকার মনির হোসেন ও শিবপুর উপজেলার কামারটেক এলাকার মামুন মিয়া নামের দুজন তাদের কৌশলে অপহরণ করে। পরে মনির হোসেন শিশুদের তরোয়া এলাকায় নিয়ে আটকে রাখে। ওই দিন রাতে মনির তাওসিফের বাবা রফিকুল ইসলাম এবং মিনহাজের বাবা বাবুল মিয়ার কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পরিবারের লোকজন ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি র্যাব-১ ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলামকে অপহরণের বিষয়টি জানান। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাতে তরোয়া এলাকায় অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করে নরসিংদী সদর থানা-পুলিশ। এ ঘটনায় মনির হোসেনের স্ত্রী শাহিদা বেগম (২০) ও মামুনের ভাবি রহিমা আক্তারকে (৩৫) আটক করা হয়।
সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, গতকাল সোমবার দুপুরে শিশু দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মনির ও মামুনকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।