রাজধানী সুপার মার্কেটে আবার চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর টিকাটুলীতে অবস্থিত রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজি বন্ধ হলেও আবার তা শুরু হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মনজু এবং যুবলীগের বহিষ্কৃত নেতা এইচ এম রেজাউল করিম। এ ব্যাপারে নিউ রাজধানী ও রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং র‌্যাব-১০-এর পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
জানতে চাইলে র‌্যাব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ জুলাই রাজধানী সুপার মার্কেটে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চাঁদাবাজির ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জনকে কারাদণ্ড দেওয়ার পর দোকান মালিক সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেন। মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওয়ারী বিভাগের পুলিশ গত ৩০ জুলাই নিউ রাজধানী ও রাজধানী সুপার মার্কেটের দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ময়নুল হকের কাছে সমিতির কার্যালয়ের চাবি তুলে দিয়ে তাঁদের মার্কেট পরিচালনার দায়িত্ব দেয়। এরপরই ময়নুল ও রেজাউলের লোকেরা মার্কেটে চাঁদাবাজি শুরু করেন।
ময়নুল হক ঢাকা মহানগর আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রেজাউল করিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুবলীগের বহিষ্কৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ময়নুল নিউ রাজধানী ও রাজধানী সুপার মার্কেটের স্বঘোষিত সভাপতি এবং রেজাউল সাধারণ সম্পাদক।
তবে ময়নুল হক চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ব্যবসায়ীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। তাঁর দাবি, র্যা ব ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে মার্কেট কমিটির কার্যালয়ে তালা ঝুলিয়েছিল। তিনিই বৈধ কমিটির সভাপতি।
রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, নিউ রাজধানী ও পাশের রাজধানী সুপার মার্কেটে ১ হাজার ৭৮৮টি দোকান আছে। এর মধ্যে নিউ রাজধানী সুপার মার্কেটে ২৮৮টি, বাকি দেড় হাজার দোকান রয়েছে রাজধানী সুপার মার্কেটে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুলিশের প্রশ্রয়ে বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ও রেজাউলের সহযোগী সায়েম খান ওরফে টুন্ডা সায়েম, সাইদুল ইসলাম, মো. জাফর ওরফে সানি, আফজাল হোসেন ওরফে বেডিং আফজাল, মোরশেদ ও গালকাটা আজিজ গং মার্কেটে আবার চাঁদাবাজি শুরু করেছে।
একজন ক্রোকারিজ ব্যবসায়ী বলেন, ময়নুলের লোকেরা একেক দোকান থেকে মাসে তিন থেকে সাত হাজার টাকা চাঁদা নেয়। চাঁদা না দিলে ময়নুলের লোকজন তাঁদের মারধর করে।
সরেজমিন দেখা যায়, রাজধানী সুপার মার্কেটের প্রবেশপথ ও ফুটপাতে ছোট ছোট দেড় শতাধিক টেবিল বা চৌকি বসানো হয়েছে। কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ভেতরে একটি টেবিল বসাতে ময়নুলের লোকদের দেড় লাখ টাকা চাঁদা দিতে হয়। প্রতিদিন চাঁদা দিতে হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা।
একজন চা-রুটি বিক্রেতা বলেন, ময়নুলের লোক আলী ১০ দিন পরপর এসে তাঁর কাছ থেকে ৪০০ টাকা করে নেয়। ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, চৌকি বা টেবিল থেকে প্রতিদিন ১২০ থেকে ২০০ টাকা চাঁদা নেয় ময়নুল ও রেজাউলের লোকেরা।
শঙ্কিত ব্যবসায়ীরা নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ওয়ারী থানা তা গ্রহণ করেনি বলে তাঁরা অভিযোগ করেন।
তবে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বলেন, কেউ জিডি করতে আসেনি।
ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই মধ্যরাতে র‌্যাব-১০-এর একটি দল রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির সময় হাতেনাতে ১১ জনকে আটক করলেও রাজনৈতিক চাপে যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছেড়ে দেয়। তখন ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান।
পরে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে রেজাউল করিমকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে সানাউল করিম ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্র। তিনি যুবলীগের বহিষ্কৃত নেতা রেজাউল করিমের ছোট ভাই। অবশ্য কাউন্সিলর ময়নুল হক এখনো মহানগর আওয়ামী লীগের কমিটিতে বহাল আছেন। সাজাপ্রাপ্তরা এখন কারা ভোগ করছেন বলে জানা গেছে।