রাজধানী সুপার মার্কেটে আবারও চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মনজুর নেতৃত্বে এই চাঁদাবাজি হচ্ছে।
এই চাঁদাবাজির প্রতিকার চেয়ে রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, র্যাবের মহাপরিচালক, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার ও র্যাব-১০-এর পরিচালকসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির কাছে আবেদন করেছেন। ব্যবসায়ীরা বলেন, তাঁরা চাঁদাবাজি থেকে রক্ষা পেতে ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার, ডিবির উপকমিশনার ও র্যাব-১০-এর পরিচালকের সঙ্গে দেখাও করেছেন।
অবশ্য ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।
র্যাব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর গত মঙ্গলবার বলেন, রাজধানী মার্কেটে চাঁদাবাজির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা তাঁর সঙ্গে দেখা করেছেন। ভুক্তভোগীদের তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারী থানায় চাঁদাবাজির মামলা করার পরামর্শ দিয়েছেন।
রাজধানীর টিকাটুলীতে অবস্থিত ওই মার্কেটের ব্যবসায়ী ও র্যাবের কর্মকর্তারা বলেন, গত ৮ জুলাই মধ্যরাতে ওই মার্কেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চাঁদাবাজির সময় হাতেনাতে ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এবং দোকান মালিক সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেন। তবে রাজনৈতিক চাপে মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছেড়ে দেওয়া হয়। চাঁদাবাজির ঘটনায় রেজাউলকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। দণ্ডপ্রাপ্তরা সবাই সাজা খেটে সম্প্রতি কারাগার থেকে বেরিয়েছেন।
ব্যবসায়ী ও পুলিশ সূত্র বলেছে, ওয়ারী বিভাগের পুলিশ ৩০ জুলাই নিউ রাজধানী ও রাজধানী সুপার মার্কেটের দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হককে মার্কেট পরিচালনার জন্য সমিতির কার্যালয়ের চাবি তুলে দেয়। পুলিশ দুই মাস পর তাঁকে মার্কেটের সব ব্যবসায়ীকে নিয়ে বসে সমিতির কমিটি গঠন করতে বলেছিল। কিন্তু তা হয়নি। তিনি মার্কেট পরিচালনার ভার হস্তান্তর করেননি। বরং সমিতির কার্যালয় খোলার পর থেকে আবার চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ২৬ আগস্ট আট ব্যবসায়ী ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তাঁরা অভিযোগ করেন, সমিতির অবৈধ সভাপতি ময়নুল ও তাঁর লোকজনের চাঁদাবাজিতে তাঁরা অতিষ্ঠ।
ওয়ারী থানার পুলিশ বলেছে, দু-তিন দিন আগে পুলিশ এসব জিডির তদন্ত শুরু করেছে। জিডি করা ব্যবসায়ীদের বক্তব্য নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজির প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থার কাছে আবেদন করেছেন।
ব্যবসায়ীদের কয়েকজন প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কাউন্সিলর ময়নুলের লোক হিসেবে পরিচিত আলী হোসেন, সায়েম খান ওরফে টুন্ডা সায়েম, সাইদুল ইসলাম, মো. জাফর ওরফে সানি, কাঙ্গালি সোহেল, আফজাল হোসেন ওরফে বেডিং আফজাল, মোরশেদ ও গালকাটা আজিজরা চাঁদাবাজি করছেন।
রাজধানী সুপার মার্কেটে দেড় হাজার দোকান রয়েছে। নিউ রাজধানী সুপার মার্কেটে রয়েছে ২৮৮টি। এ ছাড়া মার্কেটের প্রবেশপথে ও ফুটপাতে শ খানেক দোকান আছে।
তিনজন ক্রোকারিজ ব্যবসায়ী বলেন, একেক দোকান থেকে রসিদ ছাড়াই মাসে ৩ থেকে ৬ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। ফুটপাতের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী অভিযোগ করেন, ফুটপাতে বসার জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে একদল চাঁদাবাজ মাসে ৬ হাজার টাকা নেয়, আরেক দল নেয় সপ্তাহে ৩০০ টাকা। চাঁদা না দিলে বসতে দেওয়া হয় না।
একজন ব্যবসায়ী অভিযোগ করেন, তিনি শাড়ির ব্যবসা পরিবর্তন করে জুতার দোকান দিতে চান। এই খবর শুনে নভেম্বরে তাঁকে সমিতি কার্যালয়ে ডেকে নিয়ে এ জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তাঁর দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি র্যাব-১০ কার্যালয়ে অভিযোগ করেছেন।
ময়নুল হক চাঁদাবাজির সব অভিযোগ অস্বীকার করেছেন। গত বুধবার তিনি প্রথম আলোকে বলেন, তিনি বা তাঁর কোনো লোক চাঁদাবাজিতে জড়িত নন। কয়েকজন ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। রাজধানী সুপার মার্কেটের ওপর তাঁর ঘৃণা এসে গেছে। তিন-চার মাস ধরে ওই মার্কেটেই তিনি যান না।
ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা চাঁদাবাজি থেকে রক্ষা পেতে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছেন। এ নিয়ে তিনি পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলেছেন।