রাজধানী সুপার মার্কেটে আবার চাঁদাবাজি
ঈদ সামনে রেখে টিকাটুলীর রাজধানীর সুপার মার্কেটে আবার চাঁদাবাজি শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক ও তাঁর সহযোগীরা পবিত্র রমজানের প্রথম দিন থেকে চাঁদাবাজি শুরু করেছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
এর আগে গত ১৭ মে ময়নুল হক বৈদ্যুতিক তার পরিবর্তনের নামে রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ১ হাজার ৭৮৮টি দোকানে ১ হাজার ১০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, ময়নুল রাজধানী মার্কেট দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ও মহানগর আওয়ামী লীগের নেতা।
গতকাল বুধবার ময়নুল হক চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, সমিতির কর্মচারী, মার্কেটের দারোয়ান ও কমিউনিটি পুলিশের খরচ মেটাতে দোকান থেকে সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছ থেকে রাজধানী সুপার মার্কেটের জমি ভাড়া নেওয়া হয়েছে। মার্কেটের সভাপতি হিসেবে এই জমিতে তিনি যা ইচ্ছা করতে পারেন। রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে ১ হাজার ৭৮৮টি দোকান রয়েছে। এ ছাড়া মার্কেটের প্রবেশপথে পাশে ও মার্কেটের বাইরে ফুটপাতে দুই শতাধিক দোকান রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রথম রমজান থেকে কাউন্সিলরের লোকজন মার্কেটের প্রবেশপথ ও ফুটপাতের দোকান থেকে চাঁদা তেলা শুরু করেছেন। কাউন্সিলরের লোক বলে পরিচিত সরোয়ার হোসেনের নেতৃত্বে আলী হোসেন, সায়েম খান, সাইদুল ইসলাম, মো. জাফর ওরফে কাঙালি সোহেল, আফজাল হোসেন, মোরশেদ ও গাল কাটা আজিজরা চাঁদার টাকা তুলেছেন। প্রতিটি দোকানমালিককে ১০ হাজার টাকা দিতে চাপ দেওয়া হচ্ছে। গতকাল সকালে রাজধানী সুপার মার্কেটে গেলে ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কালাম ও আবদুল কাদের বলেন, চাপের মুখে তাঁরা দুই হাজার টাকা করে চাঁদা দিয়েছেন। বাকি আট হাজার টাকা দুই-তিন দিনের মধ্যে দিতে হবে। টাকা না দিলে উচ্ছেদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সবাই আতঙ্কে আছেন।
ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও সেন্টু চৌধুরী অভিযোগ করেন, প্রতিবছর ঈদ মৌসুমে ময়নুল হক দারোয়ানের বেতন, সার্ভিস চার্জ—এসবের নামে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করেন। অথচ প্রতি মাসে তাঁরা ৩০০ টাকা দারোয়ান বিল ও ৩৫০ টাকা জেনারেটর বিল দিয়ে আসছেন। এবারও ময়নুল একই কায়দায় চাঁদা আদায়ের ফন্দি এঁটেছেন। ইতিমধ্যে প্রতিটি দোকানে তাঁর লোক দিয়ে এক হাজার টাকা করে চাঁদা চেয়েছেন। তাঁর সহযোগীরা আরও চাঁদা দাবি করছেন। এ অবস্থায় ব্যবসায়ীরা এখন আবার আতঙ্কে আছেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি জায়েজ করতে ময়নুল গত সোমবার রাজধানী সুপার মার্কেট সমিতির কার্যালয়ে ইফতার অনুষ্ঠান করেন। সেখানে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদ হোসেন যোগ দেন। তিনি ওসিকে বলেন, ‘আমার বিভিন্ন খরচ আছে। তাই এবার প্রতিটি দোকান থেকে এক হাজার টাকা করে তুলব, আপনাকে জানিয়ে রাখলাম।’
ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজি থেকে রক্ষা পেতে ২০১৫ সালের নভেম্বরের শুরুতে র্যাব ও পুলিশ সদর দপ্তরে আবেদন করেছিলেন। তাঁরা ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার, ডিবির উপকমিশনার ও র্যাব-১০-এর পরিচালকের সঙ্গে দেখাও করেছেন। ময়নুলের চাঁদাবাজির বিরুদ্ধে তাঁরা ওয়ারী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। কিন্তু প্রতিকার পাননি। ব্যবসায়ীরা বলেন, ওয়ারী বিভাগের পুলিশ ময়নুলের পক্ষে অবস্থান নেওয়ায় চাঁদাবাজির বিষয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও ও র্যাব-১০-এর পরিচালককে জানিয়েছেন। এর আগে মার্কেটের ব্যবসায়ী মনিরুজ্জামান ও মো. আলম ওয়ারী থানায় মনজুরের বিরুদ্ধে চাঁদাবাজির জিডি করতে গেলে তা গ্রহণ করা হয়নি।
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির কথা তিনি জানেন না। আর তাঁর কাছে কেউ ময়নুলের বিরুদ্ধে জিডি করতে এসে ফিরে যাননি। ওসি আরও বলেন, ময়নুল হকের ইফতার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানে ময়নুল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে তাঁর কাছে কিছু বলেননি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক প্রভাব ও ওয়ারী বিভাগের পুলিশের কারণে ময়নুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
জানতে চাইলে গতকাল বুধবার র্যাব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। তিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়ারী থানায় চাঁদাবাজির মামলা করার পরামর্শ দেন। মামলা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।