রাজধানীতে অটোরিকশাচালক খুন
রাজধানীর মেরাদিয়ায় আজ বুধবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রানা (২২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে মেরাদিয়া শুক্কুর গার্মেন্টসের কাছে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশা চালক রানার পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা রানার বুকে ছুরি মেরে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রানার ভাই রেজাউল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, সোহেল নামে স্থানীয় এক যুবকের সঙ্গে রানার দ্বন্দ্ব ছিল। তবে এ হত্যাকাণ্ড ওই দ্বন্দ্বের জের কি না, তা তিনি বলতে পারছেন না।
ঘটনা তদন্তকারী খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম বলেন, হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
রানা সপরিবারে মেরদিয়ায় থাকতেন। বাবার নাম জমির আলী।