রাজধানীতে অপহৃত দুই ভাই ফিরেছেন
রাজধানীর মিরপুরের গোলারটেকের বাসা থেকে গত সপ্তাহে ‘অপহৃত’ দুই ভাই ফিরে এসেছেন। গত সোমবার রাতে তাঁরা বাসায় ফেরেন।
দুই ভাই হলেন ওমর ফারুক (৩২) ও ফিরোজ মিয়া (২৮)। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন নীলক্ষেত সুপার মার্কেটের বই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাসা থেকে ‘ডিবি’ পরিচয় দেওয়া কয়েকজন লোক তাঁদের ধরে নিয়ে যান।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গতকাল বুধবার রাতে বলেন, সোমবার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের চোখ বেঁধে রাখা হয়েছিল। তবে মারধর করা হয়নি। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল—জানতে চাইলে তাঁরা কিছু জানাতে পারেননি।
দুই ভাইয়ের বাবা হাকিম আলী সরদার বলেন, কে বা কারা তাঁর দুই ছেলেকে অপহরণ করেছে, সে সম্পর্কে কিছুই বলতে পারছেন না তিনি। তবে অপহরণকারীদের জ্যাকেটে ‘ডিবি পুলিশ’ লেখা ছিল। সোমবার রাতে মালিবাগ থেকে ফারুক ও ফিরোজ বাসায় ফোন করেন। পরে তাঁদের বাসায় নিয়ে আসা হয়। এখন দুজনই বাসায় সারাক্ষণ চুপ থাকছেন। কারও সঙ্গে কথা বলছেন না।
হাকিম আলীর ভাষ্য, তাঁর দুই ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) নেই। তাঁদের সঙ্গে কারও ব্যবসায়িক বিরোধও নেই।