রাজধানীতে অস্ত্র ও ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাপ্পারাজ, রাকেশ মুখার্জি, কামরুল আলম ও আবদুস সালাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহানের তত্ত্বাবধানে একটি দল রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ বাপ্পারাজকে গ্রেপ্তার করা হয়। কয়েকজন সহযোগীকে নিয়ে জুরাইন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পারাজ ডিবিকে জানিয়েছেন বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এ ঘটনায় রাজধানীর কদমতলী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এদিকে গতকাল উত্তরা থেকে ২০০ টি ইয়াবাসহ রাকেশ, কামরুল ও সালামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রাকেশকে গতকাল বেলা দেড়টার দিকে উত্তরার জসীমউদ্‌দীন রোড এলাকা থেকে ১২৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে কাওলা রেললাইন সংলগ্ন সড়ক থেকে কামরুল ও সালামকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের কাছ থেকে ৭৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এই দুটি ঘটনায় বিমানবন্দর থানায় দুটি মামলা হয়েছে।