রাজধানীতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন এক নারী। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে।

আহত ওই নারীর নাম আকলিমা আক্তার (২৫)। হাজারীবাগের বউবাজারে বালুর মাঠ এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।

আকলিমা আক্তারের স্বামী জুবায়ের হোসেন বলেন, ‘সকালে রাস্তায় আকলিমার ওপর অ্যাসিড নিক্ষেপ করে এক দুর্বৃত্ত। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকেরা জানিয়েছেন, আকলিমার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। ডান ঘাড় ও গলায় ক্ষত বেশি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারছি না।’

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।