রাজধানীতে আইএসের এক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ফিদা মুনতাসির আল সাকের নামের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ ফিদা মুনতাসির আল সাকেরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি সিপিইউ, তিনটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন সেট, একটি পাসপোর্ট, তাঁর ইমেইল আইডিতে সংরক্ষিত থাকা জিহাদ ও আইএস সম্পর্কিত বইয়ের স্ক্রিনশট ও লিফলেট জব্দ করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনতাসির আল সাকেরের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ দাবি করে, মুনতাসির আনসারউল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। তিনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময়ে আইএসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মী সংগ্রহ ও তাঁদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি বাংলাদেশে আইএসের আদলে জুনুদ আল তাওহীদ খিলাফাহ নামের একটি জিহাদি সংগঠনও গড়ে তুলেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া মুনতাসির আল সাকের দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভিন্ন তথ্য প্রচার করে থাকেন। এ ছাড়া গোপনে অর্থ, অস্ত্র ও কর্মী সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। তাঁদের সংগঠনের অনেক সদস্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৎপর রয়েছে।