রাজধানীতে আট যানবাহনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনশ্রীতে বাসে পেট্রলবোমা হামলায় সাংবাদিকসহ আহত হয়েছেন কয়েকজন। ছবিটি রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।
রাজধানীর বনশ্রীতে বাসে পেট্রলবোমা হামলায় সাংবাদিকসহ আহত হয়েছেন কয়েকজন। ছবিটি রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা।

রাজধানীতে আট যানবাহনে আগুনরাজধানীতে আজ রোববার মোট আটটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যার মধ্যে সাতটিই বাস। এর মধ্যে বনশ্রীতে একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে ককটেলের আঘাতে আহত হয়েছেন আটজন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ সকাল নয়টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগের পুনম প্রেক্ষাগৃহের সামনের দুর্বৃত্তরা বিআরটিসির একটি বাসে আগুন দেয়। যানজটের মধ্যেই বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রায় একই সময়ে গুলিস্থান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে নগর পরিবহনের দুটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শিকড় পরিবহনের একটি বাসে, রাত পৌনে আটটার দিকে গাবতলীতে বিআরটিসির দোতলা বাসে এবং রাত পৌনে নয়টার দিকে শাঁখারীবাজারে একটি বাসে আগুন দেওয়া দুর্বৃত্তরা।

রাত আটটার দিকে বনশ্রীতে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিলে পাঁচজন দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। দগ্ধদের মধ্যে বেসরকারি ৭১ টিভির সাংবাদিক আরেফিন শাকিলের বাম হাত, তাঁর আত্মীয় কুন্তলা শিকদারের মুখমণ্ডলসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ছাড়া রবিনা করিম ওরফে টুম্পা নামে এক নারীর মুখমণ্ডলসহ শরীরের ১৮ শতাংশ এবং রাজমিস্ত্রির সহকারী মো. নাজিমের দুই হাত ও মুখমণ্ডলসহ শরীরের চার শতাংশ পুড়ে গেছে। আহতরা জানান বাসটি গাবতলী থেকে রামপুরা হয়ে গুলশানের দিকে যাওয়ার পথে রামপুরা আইডিয়াল স্কুলের কাছে পেট্রলবোমা হামলার শিকার হয়।

এ ছাড়া গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ৮/এ সড়কে একটি মাইক্রোবাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে যায়।

ককটেল হামলায় আহত আটজন
দিনভর রাজধানী জুড়ে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্ধ্যা সাতটার দিকে নিউমার্কেটের দুই ও চার নম্বর ফটকে তিনটি ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে আবুল কালাম বাম কানে ও গালে, মো. শহীদ ঘাড়ে ও পিঠে, রনি মাথায় ও মুখমণ্ডলে, রাশেদুর বাম হাতে ও রফিউল বাম হাতে স্প্লিন্টারবিদ্ধ হয়েছে। এদের মধ্যে প্রথম চারজন ভাসমান বিক্রেতা (হকার)।

প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ফটকে ককটেল বিস্ফোরণে আবু আখাইন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছেন। তিনি এফ রহমান হলে এক পরিচিতের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সোয়া আটটার দিকে শ্যামলী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণে রেজাউল করিম নামে এক ব্যাক্তি পেটের ডান পাশে স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন। প্রায় একই সময়ে বঙ্গবাজার এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটলে রিকশা চালক মজিবুর রহমান আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।