রাজধানীতে আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই শিশুর বাবার ভাষ্য, গত সোমবার সকালে শিশুটি বাড়ির গাড়ি চালকের পাশবিক নির্যাতনের শিকার হয়। এরপর বিষয়টি সে কাউকে বলেনি। কিন্তু ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে, আজ সকালে তার মাকে বিষয়টি জানায়। এরপর তাকে হাসপাতালে আনা হয়।

ওই শিশুর বাবা আরও বলেন, এ ব্যাপারে তাঁরা এখনো কোনো মামলা করেননি। তবে,পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করে হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা বলেন, শিশুটি গুরুতর অসুস্থ। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। কিন্তু শিশুটি প্রচণ্ড ভয় পাচ্ছে। সেখানে থাকতে চাচ্ছে না। পরে স্বজনেরা তাকে বাসায় নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক শিশুর চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।