রাজধানীতে আবার 'ব্লগার' খুন, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ওয়াসিকুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে চাপাতির আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিদার ভাষ্য, বিভিন্ন সূত্রে তাঁরা জেনেছেন, ওয়াসিকুর ব্লগার ছিলেন। এ ঘটনায় জিকির ও আরিফ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হ‌ুমায়ূন কবিরের ভাষ্য, ওয়াসিকুরের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। লাশের থুতনিসহ গলার পাশে চাপাতির আঘাতের গভীর চিহ্ন ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়াসিকুরের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াসিকুরের চাচাতো ভাই হেলালের দেওয়া তথ্যমতে, ওয়াসিকুরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। মাস্টার্স শেষ করার পর ওয়াসিকুর মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। হেলালের ভাষ্য, ওয়াসিকুর ব্লগে লিখতেন কি না, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

ফারইস্ট এভিয়েশনের মহাব্যবস্থাপক (জিএম) সাইদুর রহমান বলেন, ওয়াসিকুর তাঁদের প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে রাজধানীর শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে ও ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে মিরপুরে ব্লগার রাজিব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়।