রাজধানীতে ঈদের ছুটিতে সাত খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ঈদের তিন দিনের ছুটিতে সাতটি হত্যাকাণ্ড ঘটেছে। এদের মধ্যে কমলাপুরে আনসার সদস্যকে শ্বাসরোধ করে, কামরাঙ্গীরচরে গৃহবধূকে গলা কেটে, দক্ষিণ বাড্ডায় কুপিয়ে বাসচালকের সহকারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া, পল্লবীতে কাঁচির আঘাতে মাংস ব্যবসায়ী, লালবাগে যুবককে পিটিয়ে, মিরপুরে এক নারীকে ও কুড়িলে আরেক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
একই সময় নগরীতে পৃথক ঘটনায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, ঈদের পরদিন বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা কমলাপুরে ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) কর্তব্যরত অবস্থায় এমদাদুল হক (১৮) নামের এক আনসার সদস্যকে শ্বাসরোধে হত্যা করেছে। রাত তিনটার দিকে ঘটনাস্থলের পাশের একটি ড্রেনে তাঁর লাশ পাওয়া যায়। এ সময় তাঁর গলায় কাপড় প্যাঁচানো ছিল। এ সময় আইসিডির একটি কক্ষের তালা ভাঙা ও ভেতরের নথিপত্র লন্ডভন্ড অবস্থায় ছিল।
কমলাপুর আইসিডিতে কর্মরত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন পরিদর্শক শাহজাহান চৌধুরী বলেন, ১ নম্বর ভবনের ৩ নম্বর কক্ষের দরজার তালা ভেঙে কেউ ভেতরে ঢুকেছিল। আলমারি ও টেবিলের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। নথিপত্র তছনছ করা হলেও কিছু খোয়া যায়নি।
নিহতের বড় ভাই একটি ব্যাংকের কর্মচারী মনজুরুল হক জানান, ছয়-সাত মাস আগে এমদাদ আইসিডিতে যোগ দেন। দিন কয়েক আগে আইসিডি এলাকায় কর্তব্যরত অবস্থায় এমদাদ চোর সন্দেহে এক যুবককে পিটিয়েছিলেন। তাঁদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের নাসুল্লা গ্রামে।
মাংস বিক্রেতা খুন: ঈদের দিন গত মঙ্গলবার পল্লবীর মিল্লাত নামে বিহারি ক্যাম্পে কাঁচির আঘাতে খুন হয়েছেন মাংস বিক্রেতা মোহাম্মদ ওয়াহিদ (২৮)।
পুলিশ জানায়, ওয়াহিদের বন্ধু ফিরোজ একটি সেলুনে কাজ করেন। মঙ্গলবার রাতে ওয়াহিদের সঙ্গে ফিরোজের কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াহিদের বুকের বাঁ পাশে কাঁচি ঢুকিয়ে দেন ফিরোজ। স্বজনেরা রক্তাক্ত অবস্থায় ওয়াহিদকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
গৃহবধূকে গলা কেটে হত্যা: বুধবার রাতে কামরাঙ্গীরচরের টেকেরহাটি এলাকায় মুন্নী বেগম (২৬) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর স্বামী সুজন ঘটনার পর পলাতক। পুলিশ ও স্বজনদের ধারণা, স্বামীর হাতেই খুন হন মুন্নী।
গৃহবধূর ভাই আবদুল মজিদ জানান, দুই বছর আগে নির্মাণশ্রমিক সুজনের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। স্বামী-সন্তানদের নিয়ে টেকেরহাটির বাসায় ভাড়া থাকতেন মুন্নী। বুধবার দিবাগত রাত তিনটার দিকে মেয়ে মীম জেগে দেখে, বিছানায় পড়ে আছে তাঁর মায়ের রক্তাক্ত লাশ। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কুপিয়ে-পিটিয়ে হত্যা: পুলিশ জানায়, বুধবার গভীর রাতে দক্ষিণ বাড্ডায় একটি মোম কারখানার সামনে সাদ্দাম হোসেন (২২) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশের দাবি, নিহত সাদ্দাম ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে এ-সংক্রান্ত মামলা রয়েছে পাঁচটি। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নিজ দলের হাতে তিনি খুন হয়েছেন।
নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, তাঁর স্বামী তুরাগ পরিবহনের বাসচালকের সহকারী ছিলেন। ছিনতাইয়ে জড়িত নন। তাঁদের বাসা বাড্ডার পশ্চিম মেরুলে।
দুই নারী খুন: সোমবার রাতে পুলিশ মিরপুর-৬ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ির মালিকের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০ জুলাই আকাশ নামের এক ব্যক্তি ১৮ হাজার টাকা অগ্রিম দিয়ে ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসার চতুর্থ তলা ভাড়া নেন। ২৪ জুলাই তিনি এক নারীসহ কয়েকজনকে নিয়ে ওই বাসায় ওঠেন। সোমবার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। মিরপুর থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ওই দিন সকালে পুলিশ খিলক্ষেতের কুড়িল উড়ালসেতু এলাকার জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
গণপিটুনিতে নিহত: সোমবার সন্ধ্যায় লালবাগের কেল্লার মোড় এলাকায় গণপিটুনিতে ফরহাদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে কেল্লার মোড়ের রুস্তম মহাজনের রিকশার গ্যারেজসহ পাশের কয়েকটি দোকানের টাকা লুট করে। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে ফরহাদসহ তিন যুবককে আটক করে পেটায়। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। পুলিশ অপর দুজন আরিফ ও সোহেলকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
সাতজনের অস্বাভাবিক মৃত্যু: গত সোমবার সকালে ১০ নম্বর সেক্টরের কামারপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত এক যুবক মারা যান। তাঁর পরনে সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি ছিল। ওই দিন পূর্ব জুরাইনের একটি বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্যানিটারি মিস্ত্রি আবদুল হান্নান (২৮)। একই দিন রমনার নূর গার্ডেনের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ ইয়াসমিন নাহারের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় পুলিশ রামপুরার তিতাস রোডের একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তরুণী মলিহা আক্তারের (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে। ঈদের পরদিন গত বুধবার রূপনগর থানার দুয়ারিপাড়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রবিউল আউয়াল (৩২)। ওই দিন রাতে মগবাজারের ভাড়া বাসায় বিষ পান করে মারা যান মাছ বিক্রেতা হাসিবুর রহমান (৩০)। একই দিন রাতে রমনার মীরবাগ এলাকার একটি বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান মনিরুজ্জামান নামের এক ব্যক্তি।