রাজধানীতে এক কিশোর গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঈন নামের (১৭) এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারটার দিকে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রাত সাড়ে ১২টায় মঈনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বাবা।

মঈনের বাঁ হাতে গুলি লেগেছে বলে জানা গেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঈনের বাবা অ্যাম্বুলেন্স চালক মো. হারুন পুলিশকে জানান, কে বা কারা তাঁর ছেলেকে গুলি করেছে তিনি জানেন না।

প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। 

আহত কিশোর মঈন পরিবারের সঙ্গে ইস্টার্ন মল্লিকার বিপরীত দিকের ঢাকা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারে থাকে।