রাজধানীতে এবার অটিস্টিক শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল সোমবার সন্ধ্যায় একটি অটিস্টিক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতে আশরাফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় দক্ষিণখানের হলান এলাকায় ১১ বছরের একটি মেয়েশিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার শিকার শিশুটি অটিস্টিক বলে জানিয়েছে তার স্বজন ও প্রতিবেশীরা। তাঁরা অভিযোগ করেন, শিশুটিকে রেখে তাঁর বাবা-মা পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন। এই সুযোগে ভবঘুরে যুবক আশরাফুল তাকে ধর্ষণ করেন।
ওসি শামীম জানান, অভিযোগ পাওয়ার পর রাত ১১টার দিকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে কয়েকজন তরুণী, কিশোরী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত ৬ আগস্ট মিরপুরে ও চকবাজারে ধর্ষণের শিকার হয় ৭ ও ১২ বছর বয়সী দুটি শিশু।
এর আগে গত ২১ জুলাই লালবাগে এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। ৩০ জুলাই কর্মস্থল থেকে ফেরার পথে উত্তরায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ৩০ জুলাই ও ১ আগস্ট রায়েরবাজার ও মিরপুরে দুটি শিশু ধর্ষণের শিকার হয়।