রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইনে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছে। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সুমন সরদার (৪২), ইমন সরদার (১৮) ও স্কুলছাত্র রিফাত (১৩)।

আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সুমনের চাচাতো ভাই শাওন (২২)। শাওনের দেওয়া ভাষ্যের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকালে পূর্ব জুরাইনের খালপাড় এলাকার কমিশনার রোডে বাসার সামনে থেকে শাওনের বাবা আতাউর রহমানকে অপহরণ করতে আসে স্থানীয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০-১২ জনের একটি দল। এ সময় তাঁদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে অপহরণকারীদের ধাওয়া দিলে তারা ছয়-সাতটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ওই ককটেল বিস্ফোরণে এই তিনজন আহত হন।

এ ব্যাপারে কদমতলী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমেনার ভাষ্য, বাড়ি বেচাকেনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তাঁরা আহত হন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সুমন ও ইমনের ডান পায়ে ও রিফাতের ডান গালে স্প্লিন্টার লেগেছে। ডান পায়ে গুরুতর জখম হওয়ায় সুমনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ইমন ও রিফাত প্রাথমিক চিকিৎসা নেন।