রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২, ফকিরাপুল, আরামবাগ ও শাহবাগ এলাকায় আলাদা ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মমিনুল ইসলাম, আবুল হোসেন, আবু রোমাজ সাকলাইন, মো. সোহাগ, মো. মাইনুদ্দিন ও মো. এখলাস। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে ফকিরাপুল এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলের স্প্লিন্টার লেগে আহত হন রিকশাচালক মমিনুল ইসলাম ও পথচারী আবুল হোসেন।
প্রায় একই সময় শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আহত হন আবু রোমাজ সাকলাইন। তাঁর ডান পায়ে স্প্লিন্টার লেগেছে।
এ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আহত হন সোহাগ ও মাইনুদ্দিন। তাঁদের দুজনেরই বাম হাতে স্প্লিন্টার লাগে।
আরামবাগ ক্লাব পাড়ায় ককটেলের স্প্লিন্টারে আহত হন এখলাস। তাঁর পিঠে ও হাতে স্প্লিন্টার লাগে। রাত আটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।