রাজধানীতে কথিত আইএস-সদস্য আটক
ইরাক-সিরিয়ায় বিস্তৃত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত সদস্য হিফজুর রহমানকে (২২) আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ ব্যাপারে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের দেওয়া ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে পুরানা পল্টনের সুরমা টাওয়ারের সামনে থেকে হিফজুলকে আটক করে ডিবি। তিনি কওমি মাদ্রাসার একজন মুফতি। এ ছাড়া তিনি সিলেটের শাহজালাল উপশহরের সরকারি তিব্বিয়া কলেজের হোমিও তৃতীয় বর্ষের ছাত্র।
হিফজুরের বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, তিনি ফেসবুকে আইএসের হয়ে প্রচারণা চালাতেন। ফেসবুকে তাঁর ‘আইএস বাংলাদেশ’ নামে একটি পেজ রয়েছে। জিহাদের জন্য ব্যক্তি উদ্যোগে তিনি দল গড়েছিলেন। প্রবাসীদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করতেন। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে যোগাযোগ থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিফজুর জানিয়েছেন।
মনিরুল বলেন, আইএসের সঙ্গে হিফজুরের সরাসরি যোগাযোগ থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। তবে জেএমবির সঙ্গে তাঁর যোগসূত্রের প্রমাণ মিলেছে।