রাজধানীতে কিশোর নিহত, ব্যবসায়ী গুলিবিদ্ধ
রাজধানীর মতিঝিলে গতকাল বুধবার রাতে লেগুনাচাপায় অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। অন্যদিকে, মোহাম্মদপুরে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন এক ব্যবসায়ী।
মতিঝিল: প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গতকাল রাত সাড়ে ১০টায় মতিঝিল এজিবি কলোনি এলাকার খলিল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এই কিশোরের ওপর তুলে দিয়েছিলেন। রাত পৌনে ১২টার দিকে পার্থ নামের এক পথচারী তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বয়স আনুমানিক ১৭ বছর।
মোহাম্মদপুর: ছিনতাইকারীর গুলিতে রাজন (৩৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাজনকে তাঁর দোকানের কর্মচারী দিপু হাসপাতালে নিয়ে আসেন। তিনি (দিপু) বলেছেন, শের শাহ সুরী রোড এলাকায় স্টুডিও ও ক্যামেরা ব্যবসা করেন রাজন। রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ডিসি রোডে তিন-চারজন ছিনতাইকারী তাঁকে ধরে। টানাহেঁচড়ার একপর্যায়ে তারা রাজনের এক পায়ে গুলি করে পালিয়ে যায়। রাত সোয়া ১২টায় তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়।