রাজধানীতে গুলি করে ও কুপিয়ে ছিনতাই
রাজধানীতে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পৃথক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কদমতলী ও নিউমার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দুই ব্যক্তির কাছ থেকে সাড়ে আট লাখ ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
আহত দুই ব্যবসায়ী হলেন মো. ফালান মিয়া (২৭) ও মো. সানু (৩২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাসের ভাষ্য, ফালান মিয়া কদমতলীতে ভাঙারির ব্যবসা করেন। রাত দুইটার দিকে তিনি এলাকার হাড্ডি কারখানার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাগে থাকা সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত আড়াইটার দিকে ফালান মিয়াকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
সেন্টু চন্দ্র দাসের দেওয়া তথ্যমতে, সানু মিয়া গাউছিয়া মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। রাত দেড়টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে তাঁর গতিরোধ করে। দুর্বৃত্তরা সানু মিয়ার পায়ে গুলি করে তাঁর ব্যাগে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পথচারী আফজাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।