রাজধানীতে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীর ওয়ারিতে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি আবদুল মান্নানের (৩০) মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহত আবদুল মান্নানের স্ত্রী নুসরাত জাহান বলেন, গতকাল রাত পৌনে ১১টার দিকে আবদুল মান্নান ওয়ারির নকশি রূপায়ণ টাওয়ারে বাসার গেটের সামনে রিকশা থেকে নামেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা মান্নানের মাথায় ও পেটে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও স্ত্রী নুসরাত জাহান মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কোনো কোন্দল নেই। পুলিশ তদন্ত করলেই হত্যার কারণ বেরিয়ে আসবে।’
আবদুল মান্নানের গুলিবিদ্ধ হওয়ার তথ্যটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।