রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইয়াসমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ইয়াসমিনের স্বামী নূর হোসেনের ভাষ্য, মনোমালিন্যের কারণে বিষপান করে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় নবীনগর হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৫২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নূর হোসেনের দেওয়া তথ্যমতে, প্রায় দেড় বছর আগে ইয়াসমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুজনের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। মোহাম্মদপুর এলাকার একটি পোশাক কারখানায় নূর হোসেন চাকরি করেন। পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ সন্ধ্যায় নূর হোসেন বাসায় ফেরার পর আবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরে গিয়ে ইয়াসমিন তেলাপোকা মারার বিষ পান করেন। পরে ইয়াসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নূর হোসেন। রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, ইয়াসমিনের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।