রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানা এলাকার কোনাপাড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে ওই নারীকে নিথর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃত নারীর নাম বিউটি আক্তার (৪০)। তাঁর স্বামীর নাম জালাল উদ্দিন। বিউটিকে হাসপাতালে আনেন তাঁর ছেলে পরিচয় দেওয়া মুন্না।

মুন্নার ভাষ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাঁর মাকে ঘরের কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে নামিয়ে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই নারীকে হাসপাতালে আনা মুন্নার দাবি, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়েছেন বিউটি।

মোজাম্মেল হক বলেন, মৃত নারীর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হলে বিউটির মৃত্যুর কারণ জানা যাবে।