রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর টেকের বাড়ি এলাকা থেকে আজ শুক্রবার সকালে তানিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তানিয়া আক্তারের স্বামীর নাম রতন মিজি। তিনি বাহরাইনপ্রবাসী।

তানিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক উজ জামান। তাঁর ভাষ্য, আজ সকাল ১০টার দিকে তানিয়া আত্মহত্যা করেছেন বলে তানিয়ার শ্বশুরবাড়ির লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে উত্তর কালশীর টেকের বাড়ি এলাকার ওই বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তানিয়ার লাশ উদ্ধার করা হয়। তানিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

তানিয়ার দুই চাচা আবুল হোসেন ও জহির উদ্দিনের দাবি, দেড় বছর আগে রতনের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের সময় কথা ছিল, তানিয়াকে বাহরাইন নিয়ে যাওয়া হবে। কিন্তু তানিয়া যাতে বাহরাইন না যেতে পারেন, সে জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন নানা ধরনের বাধা দিচ্ছিলেন। ১০ দিন আগে বাহরাইন যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন তানিয়া। আগামী মাসের শুরুর দিকে তানিয়ার বাহরাইন যাওয়ার কথা ছিল। বাধা দিয়ে আটকাতে না পেরে ক্ষিপ্ত হয়ে তানিয়াকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। চাচা আবুল হোসেন ও জহির উদ্দিন বলেন, এ ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা করবেন।